ইত্তেফাক রিপোর্ট
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে ১০ লাখ ঔষধি গাছ লাগানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ নিম ফাউন্ডেশন। আঞ্চলিক সড়ক, মহাসড়ক, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানে এসব গাছ রোপণ করা হবে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এম এ হাকিম। এ সময় নিম অর্গানিকের ডিরেক্টর অপারেশন লে. কর্নেল (অব.) সাঈদুল আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি রফিকুল ইসলাম আজাদ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদিকরা উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের ব্যাপারে ড. হাকিম বলেন, যিনি এদেশ আমাদের দিয়ে গেছেন। তাকে স্মরণ করতে এবং স্মরণীয় রাখতে এ উদ্যোগ নিয়েছি। মুজিববর্ষে এই ১০ লাখ ওষুধি গাছ রোপণে সম্পৃক্ত হতে আগ্রহী ব্যক্তি-প্রতিষ্ঠানকে বাংলাদেশ নিম ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
ক্র্যাব সভাপতি আবুল খায়ের বলেন, গ্রামের তুলনায় নগরবাসী প্রকৃতি থেকে বেশি বঞ্চিত। আশা করছি নিম ফাউন্ডেশন তাদের কর্মসূচিতে নগরীকে বিশেষ গুরুত্ব দেবে।
ক্র্যাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু বলেন, আধুনিকতার নামে আজ বাংলাদেশে ঔষধি গাছ বিলুপ্তির পথে। নিম ফাউন্ডেশন যে কর্মসূচি হাতে নিয়েছে তা প্রকৃতি ও জীবনের জন্য যুগান্তকারী ভূমিকা রাখবে।