বানারীপাড়ায় গুলি বর্ষণ ও হামলায় যুবলীগ-ছাত্রলীগের ১০ নেতা-কর্মী আহত হওয়ার ঘটনায় বরিশাল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস.সরফুদ্দিন আহমেদ সান্টুসহ ১০৩ জন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার বানারীপাড়া উপজেলা যুবলীগের সভাপতি নূরুল হুদা তালুকদার বাদী হয়ে বানারীপাড়া থানায় এ মামলা দায়ের করেন। পুলিশ রাতেই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ১৬ নেতা-কর্মী ও সমর্থককে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার, সহ-সভাপতি শাহ আলম মিঞা, পৌর বিএনপির সভাপতি ও পৌর কাউন্সিলর আহসান কবির নান্না হাওলাদার, সাধারণ সম্পাদক আ. সালাম, উপজেলা যুবদল ও ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান জুয়েল প্রমুখ।
মামলায় বিএনপি প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টুসহ সুনির্দিষ্ট ৪৩ জন ও ৫০-৬০ জন অজ্ঞাত নামা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের আসামি করা হয়েছে। বানারীপাড়া থানার ওসি খলিলুর রহমান জানান, মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: সিইসির সঙ্গে কামাল হোসেনের ‘উত্তপ্তবাক্য বিনিময়’
উল্লেখ্য, সোমবার বানারীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি’র প্রার্থী এস. সরফুদ্দিন সান্টু ও তার দলবল অতর্কিতে ছাত্রলীগ ও যুবলীগের ওপর হামলা চালায়। এ সময় সান্টু তার সাথে থাকা পিস্তল থেকে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। সান্টু যে পিস্তল দিয়ে গুলি বর্ষণ করেন সেটি উজিরপুর থানা পুলিশ জব্দ করেছে।
ইত্তেফাক/এমআই