পিরোজপুরে আইনজীবীর সহকারীকে গুলি করে ও কুপিয়ে খুন

পিরোজপুর সদরে সিদ্দিকুর রহমান খলিফা (৬০) নামে এক আইনজীবী সহকারীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকাল ৮টার দিকে সদর উপজেলার দক্ষিণ শংকরপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, সিদ্দিকের শরীরে কোপানো ছাড়াও পায়ে গুলি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে।

নিহতের আত্মীয় শহিদুল ইসলাম খলিফা জানান, সকালে জেলা জজ আদালতে যেতে বাড়ি থেকে বের হয়ে কিছু দূর আসলে সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে সিদ্দিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় সিদ্দিকের ডাক-চিত্কারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। তখন নিহতের ছেলে রিপন খলিফাসহ স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক মৃত বলে জানান। জেলা সদর হাসপাতালের চিকিত্সক আরিফ                হাসান জানান, অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে হাসপাতালে নিয়ে আসার আগেই সিদ্দিক মারা যান।

নিহত সিদ্দিক মহরী দক্ষিণ শংকরপাশা গ্রামের মৃত কাসেম আলী খলিফার ছেলে। তিনি পিরোজপুর জেলা জজ আদালতে আইনজীবী সহকারীর কাজ করতেন। তিনি শংকরপাশা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

এদিকে ইন্দুরকানী সংবাদদাতা জানান, পিরোজপুরের ইন্দুরকানীর বালিপাড়া মধ্য চর বলেশ্বর গ্রাম থেকে আবুল খান (৬০) নামে এক মত্স্যজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার সকালে একটি গাছের ডালে মাফলার দিয়ে তার গলায় ফাঁস দেওয়া ছিল। আবুল ইন্দুরকানীর পাশের উপজেলা মোরেলগঞ্জের বদনিভাঙ্গা গ্রামের ডালিম খানের ছেলে। তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বড়শি দিয়ে মাছ শিকার করতেন। আবুল খানের ছেলে ফকরুল ইসলাম জানান, তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান, আবুল খানের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।