শহরের ব্যস্ত এক রাস্তায় মনিব মারা গেছে ৮০ দিন হল কিন্তু সেই রাস্তায় এখনো মনিবের জন্য অপেক্ষা করছে এক কুকুর। এমন একটি ভিডিও চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। খবর বিবিসির।
এমন ঘটনা ঘটছে চীনের উত্তরে ইনার মঙ্গোলিয়ার হোহোট শহরে। ওই শহরে এক ব্যস্ত রাস্তায় গাড়ি দুর্ঘটনায় গত ২১ আগস্ট কুকুরটির মনিব মারা যায়। কিন্তু এরপর থেকে রোজ ওই রাস্তায় মনিবের জন্য অপেক্ষা করছে কুকুরটি।
আর এমন দৃশ্য চীনের জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট সিনা ওয়েইবোতে পোস্ট করা হয়। মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে ভিডিওটি। গত দুই দিনে ভিডিওটি দেখেছে চীনের ১৪ লক্ষাধিক মানুষ।
স্থানীয় এক ট্যাক্সিচালক জানান, সেখানকার লোকেরা কুকুরটিকে সাহায্যের চেষ্টা করছে কিন্তু কেউ কুকুরটির কাছে গেলেই পালিয়ে যাচ্ছে সে।
এছাড়া স্থানীয় অনেক ড্রাইভার কুকুরটির জন্য খাবার দিয়ে যান। অনেকে জানান, মনিবের সঙ্গে অনেক ভালো সম্পর্ক ছিল কুকুরটির। যেদিন রাস্তায় কুকুরটির মালিক গাড়ি চাপায় মারা যায় সেদিন মনিবের লাশের পাশে দাঁড়িয়ে ছিল। আর সেই তখন থেকে সেই রাস্তায় মনিবের জন্য অপেক্ষা করে আছে কুকুরটি।
রাস্তার আশেপাশের লোকেরা জানান, সারাদিন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে কুকুরটি। মনিবের প্রতি কুকুরের এমন আনুগত্যকে সবাই প্রশংসায় ভাসিয়েছেন।
ইত্তেফাক/এসআর