সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলায় উড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন ঘাতক স্বামী জলিল হোসেন। রবিবার রাতে আশুলিয়ার নরসিংহপুর ইটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ শামসুন্নাহার (২২) জামালপুর জেলার মেলান্দহ থানার চরভদ্রাসন গ্রামের আব্দুস সালামের মেয়ে। গতকাল সোমবার হত্যা মামলা দায়ের করে জলিল হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।
শামসুন্নাহার তার স্বামী গার্মেন্ট শ্রমিক জলিল হোসেনের সঙ্গে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ভাড়া বাসায় থাকত। জলিল হোসেন জামালপুর জেলার মেলান্দহ থানার বাঘাডোবা গ্রামের শাহজাহান হোসেনের ছেলে। স্বজনদের দাবি, শামসুন্নাহার তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল।
নিহতের চাচা মোহাম্মদ লুত্ফর জানান, চার দিন আগেও শামসুন্নাহার ও তার জামাইয়ের সঙ্গে পারিবারিক কলহ হয়। এ ঘটনার পর রবিবার জলিল তার শ্বশুরবাড়িতে ফোন করে শামসুন্নাহার মারা গেছে বলে জানায়। পরে তিনি আশুলিয়া থানায় আত্মসমর্পণ করে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিরাজ হোসেন জানায়, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। এছাড়া যৌতুকের জন্য জলিল মাঝে-মধ্যেই শামসুন্নাহারকে শারীরিকভাবে নির্যাতন করত। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিক্যালের মর্গে প্রেরণ করা হয়েছে।