করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে নওগাঁয় সিঙ্গাপুর ফেরত যুবক হাসপাতালে

সিঙ্গাপুর ফেরত মেহেদী হাসান (২৭) নামে এক যুবককে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে করোনা ভাইরাসের আতঙ্কে হাসপাতাল ত্যাগ করেছেন কয়েকজন রোগী। মেহেদি জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের পাতলাপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

মেহেদী সিঙ্গাপুরে পড়াশোনা করেন। শুক্রবার সিঙ্গাপুর থেকে দেশে এসে হঠাত্ জ্বরে আক্রান্ত হন। এতে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিত্সকরা জ্বরের কারণ অনুসন্ধানে বিশেষ বিভাগে ভর্তি করেন । এদিকে এ ঘটনায় করোনা ভাইরাস আতঙ্কে হাসপাতাল ত্যাগ করেছেন কয়েকজন রোগী।

সদর হাসপাতালের আবাসিক চিকিত্সক ডা. মনির আলী আকন্দ জানান, সিঙ্গাপুর থেকে এসে মেহেদী জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন। তাকে সন্দেহজনক মনে হওয়ায় হাসপাতালের বিশেষ ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে মেহেদী করোনা ভাইরাসে আক্রান্ত কিনা সেটি এখনো নিশ্চিত নয়।

তিনি আরো জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো। রোগীসহ স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ  দেন তিনি ।