ভেড়ামারায় বন্দুকযুদ্ধে ১৪ মামলার আসামি নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় মোহন আলী (৩৬) নামে ১৪ মামলার এক আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। 

 

নিহত মোহন আলী পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার দৌলতখালি গ্রামের তৌহিদুল ইসলাম হাদুর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

ভেড়ামারা থানার ওসি মোহাম্মদ শাহজালাল জানান, ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হন। এ সময় তার নাম-পরিচয় জানা না গেলেও ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায় নিহত ব্যক্তি দৌলতপুর উপজেলার দৌলতখালি গ্রামের তৌহিদুল ইসলাম হাদুর ছেলে মোহন আলী।

 

ওসি আরও জানিয়েছেন, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

ইত্তেফাক/এএম