মোস্তাফিজ মিঠু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নিয়ে অনেকদিন ধরেই চলছে আলোচনা। ভারতের পরিচালক শ্যাম বেনেগাল নির্মাণ করতে যাচ্ছেন এই সিনেমাটি। যার প্রস্তুতি শুরু হয় গতবছর থেকে। এরপর সিনেমায় কারা অভিনয় করবেন তা নিয়ে বিভিন্ন সময় বেশ আলোচনা তৈরি হলেও জানা যায়নি সঠিক নাম। অডিশনের মধ্য দিয়ে নির্বাচন করা হয় অভিনয়শিল্পীদের। তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ পেল অবশেষে।
সিনেমার চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে এরইমধ্যে। চলছে বিভিন্ন চরিত্রে শিল্পী বাছাই। আংশিক শিল্পী নির্বাচনের কাজ শেষও হয়েছে। সেই তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। সে তালিকা অনুযায়ী বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ।
এছাড়া ঐতিহাসিক বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন এদেশের গুণী অভিনয়শিল্পীরা। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের চরিত্রে অভিনয় করবেন দেওয়ান মো. সাইফুল ইসলাম সায়েম সামাদ ও শেরে বাংলা এ কে ফজলুল হকের চরিত্রে শহীদুল আলম সাচ্চু। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর চরিত্রে আছেন রাইসুল ইসলাম আসাদ। বঙ্গবন্ধুর স্ত্রী রেনুর ছোটবেলার চরিত্রে প্রার্থনা দীঘি, বড়বেলার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের চরিত্রে কামরুল হাসান, তার ৮ থেকে ১২ বছরের চরিত্রে ইশরাক তুর্য্য ও ৫ বছরের চরিত্রে
তৌহিদ।
ছোট ছেলে শেখ জামালের চরিত্রে অভিনয় করবেন শরীফ সিরাজ। প্রখ্যাত সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার চরিত্রে আছেন তুষার খান। ফজলুর রহমান বাবু করবেন খন্দকার মোস্তাক আহমেদের চরিত্র। মোহাম্মদ কামরুজ্জামানের চরিত্রে অভিনয় করবেন সমু চৌধুরী, ক্যাপ্টেন মনসুর আলী হবেন খলিলুর রহমান কাদেরী এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের চরিত্রে দেখা যাবে ফেরদৌস আহমেদকে।
বাংলাদেশ আওয়ামী যুব লীগের প্রতিষ্ঠাতা ও বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির চরিত্রে আছেন মোস্তাফিজুর ইমরান নুর।
বর্তমান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে থাকছেন নুসরাত ফারিয়া, বড়বেলার চরিত্রে জান্নাতুল সুমাইয়া ও ৮ থেকে ১২ বছর বয়সী চরিত্রে ওয়ানিয়া জারিন আনভিতা। ছোট কন্যা শেখ রেহানার চরিত্রে আছেন সামান্তা রহমান। হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে বঙ্গবন্ধু তার রাজনৈতিক গুরু মানতেন। এ চরিত্রটি করবেন তৌকীর আহমেদ। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর চরিত্র করবেন খন্দকার হাফিজ এবং পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের চরিত্র করবেন মিশা সওদাগর।
ছবিটির নাম নির্ধারণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু’।
বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত তালিকায় মোট ৫০ জন অভিনেতা-অভিনেত্রীর নাম প্রকাশ করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে। ছবিটি পরিচালনা করবেন ভারতীয় গুণী নির্মাতা শ্যাম বেনেগাল।
১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে এজন্য এফডিসির বিভিন্ন ফ্লোরে সেট নির্মাণ চলছে।
আগামীবছর সিনেমাটি মুক্তি পাবে বলে জানা যায়।