কোহলির বাজে সময়

পাশে দাঁড়ালেন কিংবদন্তিরা

 স্পোর্টস ডেস্ক

টানা ২১ ইনিংসে তিনি কোনো সেঞ্চুরি পাননি। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে পেয়েছেন মোটে একটা হাফ সেঞ্চুরি। তার ওপর টেস্ট আর ওয়ানডে—দুই ফরম্যাটেই হোয়াইটওয়াশ হয়েছে তার দল। বোঝাই যাচ্ছে, সময়ের সেরাদের একজন বিরাট কোহলি অধিনায়ক ও ব্যাটসম্যান— দুভাবেই বাজে সময় কাটাচ্ছেন। এমন অবস্থায় তার পাশে দাঁড়ালেন ক্রিকেটের সাবেক কিংবদন্তিরা।

বিরাটের সমস্যাটা ধরতে পেরেছেন কপিল দেব। ১৯৮৩ সালে ভারতকে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা এনে দেওয়া এই অধিনায়ক বলেন, ‘অধিনায়কের বয়স এখন ৩১। এই অবস্থায় তিনি সম্ভবত বোলিংয়ের লাইন ধরতে পারছেন না। আগে যে ফ্লিক শটে সহজেই চার মারতে পারতেন বিরাট, তাতে এখন তিনি বোল্ড বা লেগ বিফোর উইকেট হচ্ছেন। তাই ফর্ম ফিরে পেতে গেলে ভারত অধিনায়কের চোখের দৃষ্টি ঠিক করতে হবে।’ বিরাট কোহলির ব্যাটিং কৌশলে কোনো সমস্যা দেখছেন না পাকিস্তানের ব্যাটিং গ্রেট ইনজামাম উল হক। তিনি কোহলির ব্যাটিংয়ের সমালোচনা করারও পক্ষে নন। বললেন, ‘সে বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে ৭০ টি সেঞ্চুরি করে ফেলেছেন। এমন একজন ক্রিকেটারকে নিয়ে এত সমালোচনা মানায় না। বিরাট মস্তবড়ো ক্রিকেটার। তাকে একটু সময় দিন। যেকোনো সময়েই সে ঘুরে দাঁড়াবে।’

নিউজিল্যান্ড সফরে খেলা ১০টি ইনিংসে তিনি মাত্র তিন বার ২০ রানের সংখ্যা পার করতে পেরেছেন। নি:সন্দেহে এটাকে ব্যাটসম্যান কোহলির ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় বলা যায়। ২০১৪ সালে ইংল্যান্ড সফরে বিরাট ১৫টি ইনিংস খেলেছিলেন আর মাত্র ২৫৪ রানই করতে পেরেছিলেন। তবে ইংল্যান্ড সফরে তিনি পাঁচটি টেস্ট ম্যাচ, চারটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছিলেন। অন্যদিকে নিউজিল্যান্ডে বিরাট কোহলি ১০টি ইনিংসে ২০৪ রানই করতে পেরেছেন। মানে ইংল্যান্ডের বিপক্ষে সেই সফরের চেয়েও এবার ৫১ রান কম করেছেন তিনি।