গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
দুর্নীতি দমন কমিশন সচিব মুহাম্মদ দিলোয়ার বখত বলেছেন, সরকারি দপ্তরে সেবা প্রদানে দুর্নীতি, অনিয়ম ও হয়রানি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ছোটো দুর্নীতি থেকে বড়ো দুর্নীতি হয়। তাই প্রথমেই ছোটো ছোটো দুর্নীতি প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। মঙ্গলবার সকালে রাজশাহী গোদাগাড়ী উপজেলা পরিষদ হলরুমে সরকারি দপ্তরের সেবাসংক্রান্ত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোরসেদ আলম, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম সরকার, দুদকের জেলা কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রমুখ। গণশুনানিতে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৩১ শয্যা হাসপাতালসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন সমস্যা ও অভিযোগ উঠে। সাত কার্যদিবসে সমস্যা সমাধানের জন্য দপ্তরগুলোর প্রধান নির্দেশ দেন দুদক সচিব।