রাঙ্গামাটিতে পাঁচ হত্যা মামলার আসামি গ্রেফতার

অস্ত্রসহ আরো একজন আটক

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির নানিয়ারচরের ইউপিডিএফের মূল দলের সদস্য ও পাঁচটি হত্যা মামলার অন্যতম আসামি দিগন্ত চাকমাকে (৩১) গ্রেফতার করেছে নানিয়ারচর সেনা জোন। সোমবার রাতে নানিয়ারচরের ১৯ মাইল নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে নানিয়ারচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, পুলিশের কাছে হস্তান্তরের পর মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেলা জজ কোর্টে প্রেরণ করি।

অন্যদিকে মঙ্গলবার ভোরে পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ ও জেএসএসের কাছে অস্ত্র যোগান দেওয়া ও চাঁদাবাজির অভিযোগে শঙ্খদীশ বড়ুয়াকে আটক করেছে সেনাবাহিনী ও র্যাব। আটক শঙ্খদীশ কুতুকছড়ি বাজার এলাকার মৃত কালী কুমার বড়ুয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড গুলিসহ চাঁদার রশিদ জব্দ করা হয়। র্যাব সেভেনের পক্ষে মেজর শামীম সরকার সাংবাদিকদের এ তথ্য জানান।