বিশেষ প্রতিনিধি
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির ভারতবিরোধী রাজনীতির ধারাবাহিকতার জন্যই মুজিববর্ষে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন তুলছে। গতকাল সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রতিবেশী রাষ্ট্র ভারতের অংশগ্রহণ ছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান পূর্ণতা পাবে না।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির মূল রাজনীতিই হচ্ছে ভারত বিরোধিতা। তাই এর ধারাবাহিকতা রক্ষার জন্যই ফখরুল ইসলাম আলমগীর এসব অবান্তর প্রশ্ন তুলছেন। তিনি বলেন, এর মধ্যে একটি হচ্ছে তাদের ভারতবিরোধী যে রাজনীতি সেই রাজনীতির ধারাবাহিকতা রক্ষা করা, আর একটি হচ্ছে বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে তার উসকানি দেওয়া। আমি আশা করব তারা এ পথ পরিহার করবেন।
হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর মুক্তির জন্য তত্কালীন ভারত সরকার অবদান রেখেছে এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিভিন্ন দেশে ছুটে গেছেন। সেই আন্তর্জাতিক চাপ ও বিশ্ব-জনমতের কারণেই পাকিস্তান বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। সে কারণেই মোদিকে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।