ডিবি পরিচয়ে অপহরণ মুক্তিপণ দাবি, অবশেষে গ্রেফতার

ডিবি পরিচয়ে অপহরণের ঘটনায় মঙ্গলবার ৫ অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশের এসআই নূরে আলম হোসাইন ও এসআই মোস্তাক আহম্মেদের নেতৃত্বে একটি দল বিভিন্ন এলাকা থেকে ভুয়া পাঁচজন ডিবি পুলিশকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলেন- মো. তোফাজ্জল হোসেন (৩৪), রাসেল চৌধুরী (৩৫), নরসিংদী সদরের ভগীরথপুর থেকে সানোয়ার হোসেন (৪১), মোশারফ মিয়া (৩৮) এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে রুবেল মিয়া (৩৪)। এসময় তাদের দেওয়া তথ্যে অপহৃত নরসিংদীর শীলমান্দী এলাকার শাহীন মিয়াকে (৪০) উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গত সোমবার (২ মার্চ) রাতে শাহীন মিয়াকে নরসিংদীর শীলমান্দী বাসা থেকে ৭/৮ জনের একটি সংঘবদ্ধ অপহরণকারী দল নিজেদের ডিবি পরিচয় দিয়ে বাড়ি থেকে তুলে নেয়। পরে তাকে অজ্ঞাত জায়গায় নিয়ে বাড়িতে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

আরও পড়ুন: পুরান ছবি পোস্ট করে সমালোচনার মুখে আইসিসি

শাহীনের স্ত্রী ঘটনাটি নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে অবহিত করেন। পুলিশ সুপার তাৎক্ষনিক ডিবি পুলিশকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে অপহরণকারীদের গ্রেফতার ও অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। 

এব্যাপারে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

ইত্তেফাক/এসি