শুধু ঋণ সহায়তা নয়, নতুনভাবে চিহ্নিত অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নয়নে অংশীদার হওয়ার জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশসহ সংস্থাটির অর্থ ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইংগ্রিড ভ্যান ওয়েস অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে একথা বলেন অর্থমন্ত্রী। গতকাল মঙ্গলবার শেরে বাংলা নগরে অর্থমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাত্ অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী তাদের স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশকে এখন অন্য দেশের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচনা করা হয়। উন্নয়নের ধারাবাহিক সহায়তার জন্য এডিবিকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, এডিবি বাংলাদেশকে প্রায় ২৫ দশমিক ১৪৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে। মূলত বিদ্যুত্, জ্বালানি, স্থানীয় সরকার, পরিবহন, শিক্ষা, কৃষি, পানিসম্পদ এবং বাংলাদেশের সুশাসন এবং আর্থিক বিভাগগুলোকে প্রাধান্য দিয়ে এডিবি এ সহায়তা প্রদান করেছে।
ব্রিটেনের ফিন্যান্সিয়াল টাইমসের দ্য ব্যাংকারের প্রতিবেদন অনুযায়ী ২০০০ সালের জন্য আ হ ম মুস্তফা কামালকে সেরা অর্থমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানান এডিবির ভাইস প্রেসিডেন্ট ইংগ্রিড ভ্যান ওয়েস। তিনি গত এক দশকের বাংলাদেশে আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন। এডিবি স্থানীয় মুদ্রায় বন্ড চালু এবং ব্যাংকিং খাতের মন্দঋণ বা খেলাপি ঋণ কমাতে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী বলে তিনি জানান। এডিবি কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, অর্থ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত মন্দঋণ হ্রাস ও আর্থিক খাতকে শক্তিশালী করার নীতিমালাটির সঙ্গে এডিবি সহায়ক ভূমিকা পালন করতে চায়।