বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিয়ে পাপ খণ্ডন করুন

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বিএনপির উদ্দেশে বলেছেন, ‘পৃথিবীর কোনো দেশেই তাদের জাতির পিতাকে অসম্মান করা হয় না। তাই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণ করে অতীতের পাপ খণ্ডন করুন। অন্যথায় আপনাদের কপালে জাতির ঘৃণা চিরদিনের জন্য লেখা হয়ে যাবে।’

গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গণআজাদী লীগ আয়োজিত ‘মুজিব শতবর্ষে শেখ হাসিনার নেতৃত্বে আলোকিত বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিএনপির উদ্দেশে নাসিম আরো বলেন, মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন। হীনমন্যতার পরিচয় না দিয়ে তাকে স্বাগত জানান। একবার ভারতের সাবেক রাষ্ট্রপতিকে অপমান করে গর্তে পড়ে গেছেন। আর ভুল করবেন না। অহেতুক ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না। স্বাধীনতাবিরোধী জামায়াতের সঙ্গ ত্যাগ করুন।

জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেন, উন্নয়নের বাংলাদেশকে আলোকিত পথেই রাখতে হবে। দেশ যেন আর অন্ধকারে না যায়।

জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে। শেয়ার কেলেঙ্কারি ও ব্যাংক লুটকারীরা যদি পরিত্রাণ পায় তাহলে আলোকিত দেশ হবে না। আগে বড়ো বড়ো দুর্নীতিবাজদের ধরতে হবে। মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব দিতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা প্রমুখ বক্তব্য রাখেন।