একই পরিবারের ৭ জন অচেতন হয়ে হাসপাতালে ভর্তি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাবেক ইউপি চেয়ারম্যানসহ তার পরিবারের একে একে সাতজন সদস্য হটাৎ করেই অসুস্থ হয়ে  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিকাল ৪টায় স্থানীয় পুলিশের সহযোগিতায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম তাদের উদ্ধার করে  হাসপাতালে নিয়ে আসে। 

অসুস্থরা হলেন- জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অপূর্ব কুমার রায়, তার স্ত্রী মনজু রানী রায়, তার নাতি শুভ, যুবরাজ, প্রলয় মিথি ও বাড়ির কাজের লোক তৈল্য কুমার রায়। এদিকে সাবেক ওই চেয়ারম্যানের বাড়ির তিনটি পালিত কুকুর গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যে দুটি পালিত পায়রা মারা গেছে। 

এর আগে ঘটনা জানার পর ওই বাড়িতে কেউ ঢুকতে সাহস পায়নি। পরে পুলিশ ও মেডিকেল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়ির লোকজনদের উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানায়, সকাল থেকেই ওই বাড়ির কুকুর দুটো অসুস্থ ছিল। স্থানীয় চিকিৎসক ডেকে কুকুর দুটোকে ইনজেকশন দেওয়া হয়। দুপুরে খাওয়ার দাওয়ার পর বাড়ির লোকজন একে একে অসুস্থ  হতে শুরু করে। তবে কেন অসুস্থ হয়েছে এর কারণ সঠিক কেউ জানাতে পারেনি। 

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু সাদাৎ রূপক জানান, খাবার পানিতে অথবা খাবারে চেতনানাশক মিশিয়ে খাওয়ানোর কারণে এমন হতে পারে। চিকিৎসা দেওয়া হয়েছে। আশা করছি খুব শীঘ্রই শঙ্কামুক্ত হবে। 

আরও পড়ুন: ডিবি পরিচয়ে অপহরণ মুক্তিপণ দাবি, অবশেষে গ্রেফতার

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাশেম জানান, ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠিয়ে অ্যাম্বুলেন্স রোগীদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। 

বালিয়াডাঙ্গী থানার এস আই ইশাহাক আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মেডিকেল টিম ডেকে অসুস্থ রোগীদের হাসপাতালে পাঠানো হয়েছে। কেন এই ঘটনা তা তদন্ত করা হচ্ছে।

ইত্তেফাক/এসি