বিদ্যালয়ের বাইরে শিক্ষকরা কোচিং করাতে পারবেন না ---------------—শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বিদ্যালয়ের বাইরে বসে কোনো শিক্ষক কোচিং করাতে পারবেন না। যেমন অনেক শিক্ষক আছেন বিদ্যালয়ে বসে শিক্ষার্থীদের না পড়িয়ে নিজস্ব বাসাবাড়িতে বসে কোচিং করিয়ে থাকেন। এবং তাদের কাছে কোচিং না করলে পরীক্ষায় ফেল করিয়ে দেন বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। যেসব বিদ্যালয়ে অসহায় শিক্ষার্থী আছে যারা অর্থের অভাবে পড়ালেখা করতে পারে না, তাদেরকে বিদ্যালয়ে বসে বিনা মূল্যে আলাদাভাবে পড়ালেখা করিয়ে এগিয়ে নিতে হবে। যাতে করে সেসব নিম্নবিত্ত শিক্ষার্থী সুশিক্ষার সুযোগ পায়। গতকাল মঙ্গলবার মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী বীরমোহন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে শিক্ষামন্ত্রী এমন মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে গুজব ছড়িয়ে বিব্রতকর পরিবেশ সৃষ্টি করে থাকেন তাদের ঐ সব লেখায় লাইক বা শেয়ার করা যাবে না। এ ছাড়া আগামী বছর থেকে সব মাধ্যমিক স্তরে কারিগরি শিক্ষার ট্রেড চালু করা হবে। এবছরই ৬৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরিবিষয়ক শিক্ষা দেওয়া হচ্ছে। আগামী বছর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে একটি ট্রেডে কারিগরি শিক্ষার প্রাথমিক ধারণা পড়ানো এবং নবম-দশম শ্রেণিতে দুইটি ট্রেডের মধ্যে একটি বাধ্যতামূলকভাবে কারিগরি শিক্ষা পড়তে হবে।

অনুষ্ঠানে মন্ত্রীপরিষদের সচিব শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. আবদুস সোবহান গোলাপ, সংরক্ষিত আসনের এমপি তাহমিনা সিদ্দিকী, জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান ও উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান সোহাগ চৌধুরী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন আকনসহ প্রমুখ।