এরদোগানের তুরস্ক সফরের আমন্ত্রণ গ্রহণ করলেন ট্রাম্প

আল জাজিরা ও এএফপি

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের দেওয়া তুরস্কের সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরদোগানের একজন মুখপাত্র ও হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার রাজধানী আঙ্কারায় তুর্কি মন্ত্রিসভার বৈঠক শেষে ওই মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, ট্রাম্প ২০১৯ সালে সফরটি করতে চান, কিন্তু তারিখ এখনো ঠিক হয়নি। এদিকে আমন্ত্রণের বিষয়টি স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস। হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, ‘প্রেসিডেন্ট এরদোগান ২০১৯ সালে তুরস্ক সফরের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন।’ তিনি আরো বলেন, ‘প্রেসিডেন্ট ভবিষ্যতের এমন সফরের আমন্ত্রণের ব্যাপারে সম্মত আছেন। এক্ষেত্রে আপাতত কোনো সুনির্দিষ্ট কর্মসূচি না থাকলেও, সেটি নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।’

গত বছরের মে মাসে ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউস সফর করেছিলেন এরদোগান। এবার এরদোগান ট্রাম্পকে এমন এক সময় তুরস্ক সফরের আমন্ত্রণ জানান, যার মাত্র সপ্তাহখানেক আগে ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে বিতর্কিত একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ট্রাম্প শুধু সেনা প্রত্যাহারের সিদ্ধান্তই নেননি, তিনি এমন কথাও বলেছেন, এরদোগানই সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) নির্মূল করবেন।