বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার আদালত পরিবর্তন চেয়ে আয়েশা সিদ্দিকা মিন্নির আবেদনের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার আবেদনের ওপর শুনানি গ্রহণ করেন। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী জেড আই খান পান্না শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান।
জেড আই খান পান্না বলেন, এই মামলাটি দ্রুত বিচারের চাইতেও দ্রুত হচ্ছে। সারা দেশের আদালতে যদি সব হত্যা মামলার বিচার এভাবে চলত তাহলে আমার আপত্তি ছিল না। আমি মনে করছি যেভাবে নিম্ন আদালতে বিচার চলছে তাতে আবেদনকারী ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন।
বরগুনা থেকে রিফাত হত্যা মামলার আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন করে রিফাতের স্ত্রী মিন্নি। গত বছরের ২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজ রোডে কুপিয়ে হত্যা করা হয় রিফাতকে। ঐ মামলায় প্রথমে রিফাতের স্ত্রী মিন্নিকে সাক্ষী করা হয়। পরে তাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।