রোমান ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস করোনা ভাইরাসে আক্রান্ত হননি। ইতালির একটি সংবাদপত্র গতকাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তবে ভ্যাটিকানের মুখপাত্র ম্যাত্তিও ব্রুনি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। খবর আল জাজিরা ও নিউজ উইকের
আশঙ্কা করা হচ্ছিল, পোপ করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার পোপ ফ্রান্সিসের ধর্মীয় অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত সেই জল্পনাকেই জোরদার করে। শনিবার রাত পর্যন্ত জানা যাচ্ছিল যে রবিবার দুপুরের এই অনুষ্ঠানে যোগ দেবেন পোপ। কিন্তু সেইন্ট পিটার্স স্কোয়ারে সমবেত জনতার উদ্দেশে পোপ জানান, ‘ঠান্ডা লাগার কারণেই এই অনুষ্ঠানে যোগ দিতে পারছি না। আমাদের চিকিত্সকের নির্দেশ মানতেই হবে।’ গত বুধবার যখন পোপকে শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল তখন তিনি কাশছেন, হাঁচছেন ও তার চোখ দিয়ে পানি পড়ছিল। এর কয়েকদিন আগেই এক অনুষ্ঠানে ভক্তদের হাতে চুমু খেয়ে ধর্মীয় রীতি পালন করেন। জল্পনা দানা বাঁধছিল, তবে কি সেই সংস্পর্শ থেকে করোনায় আক্রান্ত হলেন তিনি? এমন সময়ে পোপের এই তথ্য পাওয়া যায়, যখন ইতালিতে দুই সহস্রাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে ৫২ জনের মৃত্যু হয়েছে।