মো. কামরুল হাসান, সহকারী শিক্ষক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল
জাহানাবাদ সেনানিবাস, খুলনা
প্রোগ্রামিং
প্রোগ্রামের ধারণা (Concept of Program)
শিক্ষার্থী বন্ধুরা, একটি গল্প বলি।
শিক্ষক জনাব সাগর একদিন সকালে তাড়াহুড়া করে নাস্তা না খেয়ে কলেজে গেলেন। একটি ক্লাস নেওয়ার পর একজন কর্মচারীকে ডাকলেন। তাদের মধ্যকার কথোপকথন নিম্নরূপ :
শিক্ষক : তোমার কি এখন কোনো কাজ আছে ?
কর্মচারী : না, স্যার।
শিক্ষক : তাহলে একটু উপকার করো। আমি সকালে নাস্তা করিনি। এই নাও টাকা। ক্যান্টিনে গিয়ে আমার জন্য নাস্তা নিয়ে আসো।
কর্মচারী : কী নাস্তা নিয়ে আসব, স্যার ?
শিক্ষক : ডিম-খিচুড়ি।
কর্মচারী : ঠিক আছে, স্যার।
কর্মচারী ক্যান্টিনে গিয়ে দেখল যে, ডিম-খিচুড়ি ফুরিয়ে গেছে। এখন সে কী করবে ? তোমরা হয়তো কেউ কেউ বলবে যে, সে ফিরে আসবে। কিংবা কেউ কেউ বলবে যে, অন্য কোনো নাস্তা পাওয়া গেলে তাই নিয়ে আসবে। আসলে, এর যথাযথ উত্তর হলো, সে কিছু একটা করবে। যেহেতু সে মানুষ, সেহেতু তার প্রাকৃতিক বুদ্ধিমত্তা আছে। তাই সুনির্দিষ্ট নির্দেশনা না পেলেও সে নিজস্ব বুদ্ধিমত্তা প্রয়োগ করে কিছু একটা করতে পারে। কিন্তু যন্ত্রের কোনো প্রাকৃতিক বুদ্ধিমত্তা থাকে না।
কিন্তু, শিক্ষক যদি এমনভাবে নির্দেশনা (Instruction) দিতেন যে, “যদি ডিম-খিচুড়ি পাও, তাহলে নিয়ে আসবে; যদি সেটা না পাও, তাহলে ১টি বার্গার নিয়ে আসবে; যদি সেটাও না পাও, তাহলে ২ টুকরো কেক ও ১টা কলা নিয়ে আসবে; যদি সেটাও না পাও, তাহলে ২টি বাটার বান নিয়ে আসবে; যদি সেটাও না পাও, তাহলে বিস্কুট নিয়ে আসবে। আর যদি কিছুই না পাও, তাহলে খালি হাতে ফিরে আসবে।”
এভাবে নির্দেশনা দিলে কর্মচারীকে মোটেই নিজস্ব বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হতো না।
তাই, যন্ত্রকে দিয়ে কাজ করাতে হলে প্রত্যেকটা কাজের জন্য পৃথকভাবে সুনির্দিষ্ট নির্দেশনাসমূহ (Instructions) দিতে হয়। এই সুনির্দিষ্ট নির্দেশনাসমূহকে প্রোগ্রাম বলে। সুতরাং Program means a set of instructions.
কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র। এটি মানুষের মতো বর্ণ, সংখ্যা, চিহ্ন বুঝতে পারে না। এটি শুধু ‘হ্যাঁ’ ও ‘না’ বুঝতে পারে। ইলেকট্রনিক সংকেতের ওপর ভিত্তি করে কম্পিউটার যাবতীয় কাজ সম্পাদন করে। কম্পিউটার কেবল সার্কিটে বিদ্যুত্ আছে কি না তা বোঝে। বাইনারি 1 দ্বারা বিদ্যুত্ আছে অর্থাত্ On বোঝায় এবং বাইনারি 0 দ্বারা বিদ্যুত্ নেই অর্থাত্ Off বোঝায়। কম্পিউটার যাবতীয় প্রক্রিয়াকরণ করে এই বাইনারি ডিজিটের (0 ও 1) মাধ্যমে।
বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী পর্বে ‘ প্রোগ্রামিং ভাষা’ নিয়ে আলোচনা করা হবে। সকলে মনোযোগ দিয়ে লেখাপড়া করবে।
(চলবে...)