বাংলাদেশ ও বিশ্বপরিচয়
মিরাজুল ইসলাম, প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
আমাদের মুক্তিযুদ্ধ
মুক্তিযুদ্ধে ভারত আমাদের কীভাবে সাহায্য করেছিল?
উত্তর : মুক্তিযুদ্ধের পুরো সময়টায় প্রতিবেশি ভারত নানাভাবে আমাদের সাহায্য করেছে। আশ্রয়গ্রহণকারী বাঙালি শরণার্থীদের খাদ্য, বস্ত্র ও চিকিত্সা সেবা দিয়েছে ভারত। তারা মিত্রবাহিনী নামে একটি সহায়তাকারী বাহিনী গঠন করে। অপারেশন জ্যাকপটে এই বাহিনী বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে। মিত্রবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিত্ সিং আরোরার নেতৃত্বে ১৯৭১ সালের ২১শে নভেম্বর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে গঠন করা হয় যৌথবাহিনী।
২। বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল?
উত্তর : বুদ্ধিজীবীদের পাকিস্তানি হানাদার বাহিনী হত্যা করেছিল। এরূপ নৃশংস কাজে তাদেরকে সহযোগিতা করেছিল রাজাকার, আলবদর, আল-শামস নামে বিভিন্ন কমিটি ও সংগঠন।
৩। আমরা এখন কীভাবে আমাদের স্বাধীনতা দিবস উদ্যাপন করি ?
উত্তর :আমরা এখন আনুষ্ঠানিকভাবে সকল শহিদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি।
মুজিবনগর সরকার কখন ও কোথায় গঠিত হয়েছিল? এ সরকারে কারা ছিলেন?
উত্তর : মুক্তিযুদ্ধ শুরুর এক মাসের মধ্যেই ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। ১৭ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (বর্তমান উপজেলা মুজিবনগর) গ্রামের আমবাগানে এই সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তিনি পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দি থাকার কারণে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী এবং এ. এইচ. এম কামারুজ্জামানকে স্বরাষ্ট্র এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের পাঁচটি গুরুত্ব বর্ণনা কর।
উত্তর : বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে এ সরকারের পাঁচটি দিক বর্ণনা করা হলো—
১.মুজিবনগর সরকার শাসনব্যবস্থা পরিচালনার জন্য বিভিন্ন মন্ত্রণালয় গঠন করে।
২.তত্কালীন সময়ে এ সরকার বাংলাদেশকে ১১টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করে।
৩.মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী গঠন করে।
৪.এই সরকার গঠনের পর থেকে অগণিত মানুষ দেশকে মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে।
৫.মুক্তিযুদ্ধ পরিচালনা এবং দেশে ও বিদেশে এই যুদ্ধের জনমত গড়ে তোলা ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এই সরকার বিশেষ ভূমিকা পালন করে।