ইত্তেফাক রিপোর্ট
কাগজ আমদানিতে বিদ্যমান ১৫ শতাংশ শুল্ক কমিয়ে ৫ শতাংশ করার দাবি জানিয়েছে দ্য বাংলাদেশ পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশে পেপার ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন, এবং চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপ। দেশের প্লাস্টিক শিল্পের কাঁচামালের শুল্কের মতো এই শিল্পে ৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হলে বন্ডের অবৈধ ব্যবহার বন্ধ হবে, সরকারের রাজস্ব বহুগুণ বাড়বে। তারা বলেন, মুদ্রণ শিল্পের উন্নত কাঁচামাল দেশে উত্পাদিত না হওয়ায় বিদেশ থেকে আমদানি করতে হয়।
দ্য বাংলাদেশ পেপার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, দেশের মুদ্রণ, প্রকাশনা ও প্যাকেজিং শিল্পের সঙ্গে জড়িত ক্ষুদ্র ব্যবসায়ীরা ভালো নেই। দেশের প্লাস্টিক শিল্পের মতো এই শিল্পে ৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হলে বন্ডের অবৈধ ব্যবহার বন্ধ হবে। একই অভিমত ব্যক্ত করে সরকারের কাছে কাগজ আমদানিতে শুল্ক কমানোর দাবি করেন ব্যবসায়ীদের সংগঠনটির নির্বাহী সদস্য অনিল বাবু ও বাংলাদেশে পেপার ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলমগীর হক ও চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক মো. বেলাল।