লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর-৩ সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী একেএম শাহজাহান কামালকে আগামী ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে বিজয়ী করতে মাঠে রয়েছেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগসহ দলের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা। দলের তৃণমূলের সকল ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে সমন্বয় করে চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ।
শাহজাহান কামাল লক্ষ্মীপুর-৩ আসনে ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর হাত ধরে এমপি হয়েছিলেন। ২০১৪ সালে আবারো এমপি হন তিনি। চলতি বছরের জানুয়ারিতে বর্তমান সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব পান তিনি। একাদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান তিনি। এখানে আওয়ামী লীগের মধ্যে নানা মতবিরোধ থাকলেও এই নেতাকে ভোটের মাঠে জয়লাভ করতে এক হয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও মহিলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের সকল নেতাকর্মী।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর পৌসভার মেয়র মো. আবু তাহের, জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহউদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবদুল্যা আল নোমান, জেলা স্বেচ্ছসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, জেলা কৃষক লীগের সভাপতি ওমর হোসাইন ভুলু, সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরিফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদ, যুগ্ম আহবায়ক ইউসুফ পাটওয়ারী ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বিনা রহমান নেতাকর্মীদের নিয়ে প্রতিদিন নির্বাচনী এলাকায় নৌকার পক্ষে সভা-সমাবেশ, উঠান বৈঠক, কর্মী সমাবেশ ও গণসংযোগ করে যাচ্ছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু জানান, জেলার চারটি আসনে আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীদের বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে কাজ করছেন তারা। এছাড়া লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী একেএম শাহজাহান কামালকে বিজয়ী করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী দলের নেতাকর্মীরা নৌকার পক্ষে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করে যাচ্ছেন।