বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছেই

চীনের পর বিশ্বের ৭০টির বেশি দেশে নভেল করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালি এখন ভাইরাসের সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে। ইতিমধ্যে চীনসহ সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ২০০র বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ছাড়িয়ে গেছে।

কোভিড-১৯ এ এখন পর্যন্ত ইরানে ৯২ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দেশটির সরকার ৫৪ হাজার কারাবন্দিকে সাময়িক মুক্তি দিয়েছে। বন্দিতে ঠাসা কারাগারগুলোতে নতুন করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতেই এই উদ্যোগ। তবে পাঁচ বছরের বেশি দণ্ডপ্রাপ্তদের এই সুযোগ দেওয়া হচ্ছে না। ইরানে কারাবন্দি ব্রিটিশ-ইরানিয়ান দাতব্য কর্মী নাজানিন জাঘারি-র্যাটক্লিফ সম্ভবত শিগিগরই মুক্তি পেতে যাচ্ছেন। যুক্তরাজ্যে ইরানের রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক বলেন, আজ অথবা কালকের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে।

ইরানের উচ্চপদস্থ অনেক কর্মকর্তাও ভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন। পার্লামেন্টের ২৯০ জনের মধ্যে করোনা ভাইরাস পরীক্ষা করে ২৩ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। ভাইরাসের বিস্তার ঠেকাতে ইরানের প্রাদেশিক শহরে শুক্রবারের জুমার নামাজের জামাত বাতিল করা হচ্ছে।               মূলত জনসমাগম এড়াতেই এই উদ্যোগ। ইরাকে ৭০ বছর বয়সি একজন প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সৌদি আরব সরকার দেশটির নাগরিকদের জন্য সাময়িকভাবে ওমরাহ হজ বাতিল করেছে।

ইতালিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণে ৭৯ জন মারা গেছেন। আক্রান্ত রয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ। এই পরিস্থিতি মোকাবিলায় ইতালি সরকার স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মার্চের মাঝামাঝি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিকে ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ২৮ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৭ জনই ইতালির পর্যটক। তাদেরকে কোয়ারেনটাইনে নেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা ভাইরাসের আতঙ্কে জনসমাগম এড়াতে হোলির অনুষ্ঠানে যোগ দেবেন না বলে জানিয়েছেন।   

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের তিন মাসের বেতন নোভেল করোনা ভাইরাসের চিকিত্সায় দান করেছেন। ২০১৯-এর শেষ তিন মাসের বেতন মার্কিন স্বাস্থ্য দপ্তরে দান করেছেন তিনি। নিউ ইয়র্ক শহরে এখন পর্যন্ত ছয় জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিশ্বজুড়ে আতঙ্কের মাঝেই জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যাল জানিয়েছে, তারা করোনা ভাইরাসের ওষুধ তৈরিতে অগ্রগতি অর্জন করেছে।