আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুতের, দাসত্বের নয়। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করতে গিয়ে দেশের স্বার্থের কথা ভুলে যাই না। ভারত আমাদের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু। গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কুমিল্লা ও কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের নেতাদের হাতে নতুন করে দলীয় কর্মী অন্তর্ভুক্তির লক্ষ্যে দলের ‘প্রাথমিক সদস্য ফরম’ ও ‘গঠনতন্ত্র’ তুলে দেওয়ার সময় তিনি আরো বলেন, যারা ভারতে গিয়ে পানির কথা বলতে ভুলে গিয়েছিল, তারা আজ নরেন্দ্র মোদির বিরোধিতা করছে। তবে নরেন্দ্র মোদির নয়, বিএনপি প্রকৃতপক্ষে মুজিববর্ষের বিরোধিতা করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেদেশের প্রতিনিধি হিসেবে ‘মুজিববর্ষের’ অনুষ্ঠানে যোগ দেবেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে নয়। যারা মোদির বাংলাদেশে আসার বিরোধিতা করছেন, তারাই ভারতের সঙ্গে দাসের মতো আচরণ করেন। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ভারত সফরে গিয়ে গংগার পানির ন্যায্য হিস্যা নিয়ে আলোচনা করতে ভুলে গিয়েছিলেন। সেই দলটির নেতারাই ভারতের নেতাদের খুশি করতে দাসের মতো আচরণ করেন।’