বাইডেনের নাটকীয় প্রত্যাবর্তন

গত কয়েক সপ্তাহ ধরে তার নির্বাচনী প্রচারণা লাইফ সাপোর্টে চলে গিয়েছিল। বার্নি স্যান্ডার্স আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন ধারণাই ছিল। কিন্তু সুপার টুয়েসডেতে ১৪টি রাজ্যের প্রাইমারিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায় সেই ‘স্লিপি জো’ তথা সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন নাটকীয়ভাবে প্রত্যাবর্তন করেছেন মনোনয়নের দৌড়ে। ৯টি রাজ্যে জয় পেয়েছেন তিনি। স্যান্ডার্স মাত্র চারটি রাজ্যে জয়ী হয়েছেন। —খবর রয়টার্স ও ডয়চেভেলের

সবচেয়ে অভিজ্ঞ হওয়া সত্ত্বেও বাইডেন এতদিন বাকি প্রার্থীদের তুলনায় দলীয় সমর্থনের বিচারে অনেকটা পিছিয়ে ছিলেন। ‘সুপার টুয়েসডে’ তাকে দলের             মনোনয়ন পাওয়ার দিকে এক ধাক্কায় অনেকটা এগিয়ে দিল। মোট ১৪টি রাজ্যে ডেমোক্র্যাটের প্রাইমারি ভোটগ্রহণ পর্বে তিনি বাকি প্রার্থীদের পেছনে ফেলেছেন। চলতি মাসের শেষে আরো ১১টি রাজ্যে প্রাইমারির পর মনোনয়নের বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলে ধারণা। ডেমোক্র্যাট দলের প্রায় দুই-তৃতীয়াংশ ডেলিগেটদের ভোট গ্রহণের পর সম্ভবত চূড়ান্ত প্রার্থী নিয়ে আর কোনো সংশয় থাকবে না।

মঙ্গলবারের প্রাক-নির্বাচন পর্বে বাইডেন (৭৭) আটটি বড়ো রাজ্যে জয়লাভ করেছেন। এডিসন রিসার্স জানিয়েছে, স্যান্ডার্স কলোরাডো, উটাহ এবং নিজ রাজ্য ভারমন্টে জয় নিশ্চিত করেছেন। ফক্স নিউজ এবং এপি জানায়, ৪১৫ ডেলিগেটদের ক্যালিফোর্নিয়ায়ও স্যান্ডার্স জয়ী হয়েছেন। বাইডেন আলাবামা, আরকানসাস, ম্যাসাচুসেটস, মিনেসোটা, ওকলাহোমা, নর্থ ক্যারোলিনা, টেনেসিস ও ভার্জিনিয়ায় জয়ী হয়েছেন। আর টেক্সাসে তার জয় বিস্ময়ের সৃষ্টি করেছে।  কেবল বিজ্ঞাপনের পেছনে প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেও বিশাল ধাক্কা খেয়েছেন নিউ ইয়র্ক শহরের সাবেক মেয়র ও ধনকুবের মাইকেল ব্লুমবার্গ। তিনি একমাত্র সামোয়ায় জয়ী হয়েছেন। তিনি প্রার্থিতা শেষ পর্যন্ত প্রত্যাহার করতে পারেন। পর্যবেক্ষকদের মতে, বাইডেন নিজেকে দলের বিভিন্ন শিবিরের মধ্যে সেতুবন্ধ হিসেবে তুলে ধরে ঐকমত্যের ভিত্তিতে সাফল্যের পথে এগিয়ে চলেছেন।