পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক এক সোনালি অধ্যায়। ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধান করেছি। ভারতে কিছু হলে তার প্রভাব বাংলাদেশে পড়ে। আমরা ভারতকে বলেছি, এমন কিছু করবেন না যাতে জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হয়। আমরা জনগণের ভোটে নির্বাচিত।
গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ কূটনীতি : এক দশকে বিশ্বে বাংলাদেশের শক্তিশালী অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিনিয়োগ ও রপ্তানি বাড়ানো, দক্ষ জনশক্তি তৈরি ও পাবলিক ডিপ্লোম্যাসি, এ চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে আমরা কূটনীতি সাজিয়েছি। কূটনীতিতে এমনভাবে কাজ করতে হয়, যাতে জাতির লাভ হয়। আমাদের কূটনীতির প্রধান একটি দিক যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। আরেকটি চীন ও ভারত। তাদের ব্যালেন্স করে কূটনৈতিক সম্পর্ক রেখে আমরা এগোচ্ছি। সেই সঙ্গে আমাদের মুসলিম দেশগুলোর সহযোগিতাও রয়েছে।
সেমিনারে মূল প্রবন্ধে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ গত এক দশকে যে উন্নতি করেছে, তা সারা বিশ্বে প্রশংসিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অভাবনীয় উন্নতির মূল ব্যক্তি। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কোন্নয়নে দৃষ্টান্ত। ডিকাব সভাপতি আঙ্গুর নাহার মন্টির সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব ওয়ালিউর রহমান, ডিকাবের সাবেক সভাপতি মাসুদ করিম প্রমুখ।