মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রীকে দেওয়া দাওয়াত ফিরিয়ে নিন

বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দিল্লিতে মুসলিম হত্যা ও নির্যাতনের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেওয়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দাওয়াত ফিরিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মোদির আগমনের বিরুদ্ধে আগামী ৬ মার্চ সব জেলায় বিক্ষোভ মিছিল করারও ঘোষণা দিয়েছেন দলটির নেতারা।

গতকাল বুধবার বিকালে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন। এতে অংশ নেয় কয়েক হাজার নেতাকর্মী। মিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে বিজয়নগরে পৌঁছলে পুলিশের বাধায় পড়ে। সেখানেই বিক্ষোভ মিছিল শেষ করেন নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে মোদির কুশপুতুল পোড়ানো হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামী লীগের নয়, বাংলাদেশের সম্পদ, গোটা বিশ্বের সম্পদ। সেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী ‘মুসলিমবিরোধী’ নরেন্দ্র মোদিকে আনা হলে বঙ্গবন্ধুকেই অপমান করা হবে। তাই মোদিকে বাংলাদেশে এনে বঙ্গবন্ধুকে অপমান করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। আমরা তার আমন্ত্রণ প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই।’

অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন প্রমুখ।