দিল্লির সহিংসতার বিচার বিভাগীয় তদন্ত দাবি মমতা ব্যানার্জির

দিল্লিতে সাম্প্রদায়িক হিংসার ঘটনায় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিকে গতকাল দিল্লির সহিংসতা কবলিত এলাকা পরিদর্শন করেছে কংগ্রেসের একটি প্রতিনিধি দল। অন্যদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গতকাল থেকে সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে ফোর জি মোবাইল নেটওয়ার্কের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। খবর এনডিটিভির

গতকাল মালদার সুজাপুরে তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বলেন, বাংলায় ছোটোখাটো ব্যাপারে সিবিআই তদন্ত চায়, অথচ দিল্লিতে এতো মানুষের মৃত্যুর পরও কোনো বিচার বিভাগীয় তদন্ত হয়নি। আমরা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি। তার অভিযোগ, দেশের রাজধানীতে ‘গুজরাট হিংসার মডেল’ কার্যকর করা হয়েছে। বাংলায় বিভাজনকারী শক্তিকে উঠতে দেওয়া হবে না বলে মন্তব্য করে এ ধরণের পরিস্থিতির মোকাবিলায় একসঙ্গে লড়াইয়েরও আহ্বান জানান মমতা। তিনি বলেন, আমরা মানবতা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একতা এবং ভালবাসায় বিশ্বাস করি, ঘৃণায় নয়। আমরা বাংলায় এ ধরণের অশান্তি হতে দেব না। সর্বশক্তি দিয়ে তাদের তাড়াবো।

কংগ্রেসের পরিদর্শন

দিল্লির সহিংস কবলিত এলাকা পরিদর্শন করেছে নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের একটি দল। গতকাল উত্তর-পূর্ব দিল্লিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে যান তারা। এ সময় রাহুল বলেন, এই সহিংসতা ভারতের সুনাম ক্ষুণ্ন করেছে। গত সপ্তাহে উত্তর পূর্ব দিল্লিতে সংঘর্ষে ৪৮ জনের নিহত ও দুই শতাধিক আহত হওয়ার ঘটনার পর থেকে এই প্রথম উত্তর পূর্ব দিল্লি গেল কংগ্রেসের প্রতিনিধি দল।