সুশাসন প্রতিষ্ঠা ছাড়া নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে না

বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেছেন, নারীর যতটুকু অগ্রযাত্রা অর্জিত হয়েছে তা আগে রক্ষা করতে হবে। সমাজে সুশাসন প্রতিষ্ঠা ও আইনের প্রয়োগ যথাযথ না হলে নারীর প্রতি সহিংসতা রোধ করা যাবে না। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

৬৭টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফরম সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে ‘নারী ও কন্যার প্রতি ধর্ষণসহ সকল প্রকার সহিংসতা বন্ধ কর’ স্লোগানকে সামনে রেখে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করেন শিল্পী সুরাইয়া পারভীন। এবছর আট আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘আই অ্যাম জেনারেশন ইকুয়ালিটি : রিয়ালাইজিং ওমেনস রাইটস’। ব্র্যাকের প্রতিনিধি মুনমুন খান অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর বলেন, নারীরা যতটুকু অর্জন করেছে তা পিছনে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলমান। নারীর অর্থনৈতিক মুক্তি ছাড়া রাজনৈতিক ও সামাজিক মুক্তি হবে না। আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজা নারীসংশ্লিষ্ট সব আইনকে যুগোপযোগী করা, সংসদে নারীর প্রতিনিধিত্ব ৫০ শতাংশ আসন নিশ্চিত করার দাবি জানান। অ্যাকশন এইডের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নিধি রহমান বলেন, নারীর অধিকার তাকে নারী হিসেবে নয় মানুষ হিসেবে ছিনিয়ে নিতে হবে। উইমেন ফর উইমেনের সভাপতি নীলুফার বানু বলেন, মেয়েদের যোগ্যতা আছে কিন্তু মানসিকতার পরিবর্তন হয়নি। ছবি পৃষ্ঠা-৩।