এমপি শাওনের ব্যক্তিগত কর্মকর্তাকে দুদকে তলব

ক্যাসিনোকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে ভোলা-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের ব্যক্তিগত কর্মকর্তা হোসেন সোহরাব উদ্দিন শাহকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে তাকে তলব করা হয়। তাকে ১১ মার্চ সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

জি কে শামীমের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ

গ্রেফতারকৃত কথিত যুবলীগ নেতা ও ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার তদন্তে তার স্ত্রী শামীমা সুলতানাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করেন। উল্লেখ্য, ২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীমের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়। ঐ মামলায় শামীমের মা আয়েশা আক্তারকেও আসামি করা হয়।