বিপুল ইয়াবাসহ গ্রেফতার ৬৪

রাজধানীতে পৃথক অভিযানে ৩৪ হাজার ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬৪ জনকে গ্রেফতার করেছে ডিএমপি ও র্যাব। অভিযানে ইয়াবা ছাড়াও রিয়াদ-শিশির পরিবহনের একটি বাস জব্দ এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

র্যাব-২-এর এসপি মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গত মঙ্গলবার রাতে মোহাম্মদপুর থেকে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মো. বাবলু শেখ, মো. মোস্তাক, মো. বাদল হাসান ওরফে রনি ও মো. জামাল। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, তিনটি মোবাইল ফোনসেট, রিয়াদ-শিশির পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬০৭৬) জব্দ করা হয়।

পিকনিকের জন্য ব্যবহূত ঢাকা-রাজশাহী-চাঁপাই চলাচলকারী ঐ বাস কক্সবাজার থেকে গাবতলী হয়ে চন্দ্রায় যাওয়ার কথা ছিল। গ্রেফতারকৃত চার জনের কাছে ১ হাজার করে মোট ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মাদক ব্যবসায়ী জামাল কক্সবাজারের বাসিন্দা। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে আরো ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট বাসের ভেতরে রয়েছে বলে স্বীকার করে।

ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, গত মঙ্গলবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত মাদকবিরোধী অভিযানে ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৫৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩০ গ্রাম ৬৬২ পুরিয়া হেরোইন, ১৩ কেজি ৭০ গ্রাম ২০ পুরিয়া গাঁজা ও ৭৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক আইনে তাদের বিরুদ্ধে ৩৮টি মামলা করা হয়েছে।

এদিকে, র্যাব-১০-এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, গত মঙ্গলবার রাতে যাত্রাবাড়ীর দক্ষিণ কাজলার একটি বাসা থেকে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মেঘলা আক্তার, মো. বাচ্চু মিয়া, পপি ও মো. মতি। এ সময় তাদের কাছ থেকে ১৩ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট, সাতটি মোবাইল ফোনসেট ও দুটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।