ইত্তেফাক রিপোর্ট
জেএসসি ও জেডিসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আগামী ২৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। অপরদিকে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে ২৫ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত।
গত সোমবার সচিবালয়ে আলাদা সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
জেএসসি-জেডিসির ক্ষেত্রে শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল দিয়ে ফল যাচাই করার আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে আরএসসি (RSC) লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (যেমন ঢাকার ক্ষেত্রে DHA) লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএস এ আবেদন ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি দিতে হবে।
আবেদনে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে আরএসসি (RSC) লিখে স্পেস দিয়ে ইয়েস (YES) লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে নিজ মোবাইল ফোন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
যেসব বিষয়ে দুটি পত্র (বাংলা ও ইংরেজি) রয়েছে সেসব বিষয়ে একটি বিষয় কোডের (বাংলার জন্য ১০১, ইংরেজির জন্য ১০৭) বিপরীতে দুটি পত্রের জন্য আবেদন হিসেবে গণ্য হবে এবং আবেদন ফি হিসেবে ২৫০ টাকা লাগবে। একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে।
প্রাথমিক-ইবতেদায়ী সমাপনীর পুনঃনিরীক্ষণঃ শুধুমাত্র টেলিটক প্রি-পেইড নন্বর থেকে আগামী ২৫ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে DPRSC লিখে স্পেস দিয়ে স্টুডেন্ট আইডি লিখে স্পেস দিয়ে আবেদন ইচ্ছুক বিষয়ের কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএস এ আবেদন ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। আবেদনে সম্মত থাকলে মেসেজে গিয়ে ডিপিআরএসসি (DPRSC) লিখে স্পেস দিয়ে ইয়েস (YES) লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে নিজ মোবাইল ফোন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য ১৯৮ টাকা হারে ফি ধার্য হবে।
প্রাথমিক সমাপনীর ক্ষেত্রে বিষয় কোড- বাংলা-১১১, ইংরেজি ১১২, গণিত-১১৩, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-১১৪, সাধারণ বিজ্ঞান-১১৫ ও ধর্ম-১১৬।
ইবতেদায়ী সমাপনীর ক্ষেত্রে বিষয় কোড- বাংলা-১২১, ইংরেজি ১২২, গণিত-১২৩, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং সাধারণ বিজ্ঞান-১২৪, কুরআন-১২৫ ও আরবি-১২৬।
এছাড়া মেসেজ অপশনে গিয়ে DPRSC লিখে স্পেস দিয়ে HELP লিখে স্পেস দিয়ে CODE লিখে ১৬২২২ নম্বরে পাঠালে কোড জানা যাবে।