‘বেস্ট পেইনটিং অ্যাওয়ার্ড’ পেলেন ইত্তেফাকের চৌধুরী ফেরদৌস

ইত্তেফাক রিপোর্ট

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত থার্ড ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল অ্যাওয়ার্ড এক্সিবিশনে ‘বেস্ট পেইনটিং অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি চিত্রশিল্পী সাংবাদিক কবি চৌধুরী ফেরদৌস। ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, নাইজেরিয়া, ভারত, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ৯৬ জন চিত্রশিল্পীর ১০৬টি ছবি স্থান পায় এ প্রদর্শনীতে। এর মধ্যে সর্বাধিক সাতটি চিত্রকর্ম ছিল চৌধুরী ফেরদৌসের। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অংশ নেওয়া অ্যাওয়ার্ড পাওয়া চিত্রশিল্পীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। সব ক্যাটাগরি থেকে বাছাই তিন গুণী শিল্পীকে দেওয়া হয়েছে ‘গোল্ড অ্যাওয়ার্ড’। তারা হলেন—চৌধুরী ফেরদৌস (বাংলাদেশ), আনজানা অধিকারী (নেপাল) ও মোহাম্মদ আইয়াজউদ্দীন (ভারত)।

গত শুক্রবার বিকালে ষড়ং আর্ট গ্রুপের চেয়ারম্যান শ্রীলঙ্কার বিশিষ্ট চিত্রকর জাফর সাদিকের সভাপতিত্বে একাধিক আন্তর্জাতিক অ্যাওয়ার্ডপ্রাপ্ত চিত্রশিল্পী সংগঠনের প্রতিষ্ঠাতা নারগিস পারভিনের সঞ্চালনায় কলম্বো বিশ্ববদ্যালয়ের জি ডি এ পেরেরা গ্যালারিতে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রীলঙ্কার বাংলাদেশ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। গত রবিবার ছিল প্রদর্শনীর সমাপনী দিন। চৌধুরী ফেরদৌস দৈনিক ইত্তেফাকে বার্তা বিভাগে কর্মরত রয়েছেন।