ফুটপাত দখলমুক্ত হোক

পৃথিবীর অন্যতম ব্যস্ত শহর ঢাকা এখন ট্রাফিক জ্যামে প্রথম স্থান দখল করেছে। অনেকে ট্রাফিকের ভয়ে অল্প দূরত্বে গন্তব্য হলে হেঁটে যাওয়ার চেষ্টা করে। আর যারা শ্রমজীবী, গার্মেন্টস কর্মী তাঁরা সবসময় হেঁটে তাঁদের কর্মক্ষেত্রে যান। কিন্তু পায়ে হেঁটে চলার ফুটপাত আজকাল বিভিন্নভাবে বেদখল হচ্ছে। কেউ রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফুটপাতের ওপর দোকান তৈরি করে ভাড়া দিচ্ছে। আবার ভ্রাম্যমাণ জুতার দোকান, চুড়ির দোকান, শরবতের দোকান, ডাবের দোকান, বইয়ের দোকান তো আছেই। ফলে রাস্তা দিয়ে চলাচলের সময় মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছে জনগণ। ফুটপাত দখলমুক্ত করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উচ্ছেদ অভিযান অব্যাহত রাখতে হবে। ভ্রাম্যমাণ হকারদের জন্য নির্দিষ্ট কোনো জায়গা বরাদ্দ দেওয়া যেতে পারে। যেমন হাজারীবাগ ট্যানারি সরিয়ে সাভার নিয়ে যাওয়া হয়েছে। তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত নিবেদন এই যে, ঢাকা শহরের সমস্ত ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের উপযোগী রাখা হোক।

মো. ওসমান গনি শুভ

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়