আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে নারী ও কিশোরী সমাবেশসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
নেত্রকোনা: নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট ভবনের সামনের সড়কে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ফেরদৌসী বেগম এতে সভাপতিত্ব করেন।
মৌলভীবাজার:মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নারী ও কিশোরী সমাবেশে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে।
নাটোর: জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের আয়োজনে শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি প্রমুখ।
নিয়ামতপুর (নওগাঁ): উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চে নারী সমাবেশে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারিয়া পেরেরা।
মীর্জাগঞ্জ (পটুয়াখালী): স্থানীয় উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত নারী সমাবেশে ইউএনও মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী।
কালীগঞ্জ (গাজীপুর): উপজেলা পরিষদের সামনে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার আয়োজনে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ইউএনও মো. শিবলী সাদিক প্রমুখ।
কোটালীপাড়া (গোপালগঞ্জ): কোটালীপাড়ায় উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করা হয়।
বালিয়াকান্দি (রাজবাড়ী): বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সমাবেশের আগে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের করা হয়।
কাঠালিয়া (ঝালকাঠি): উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মাদ ফয়সালউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
বানারীপাড়া (বরিশাল): উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা বিথিকা রানি সেন এতে সভাপতিত্ব করেন।
ফুলবাড়ী (কুড়িগ্রাম): উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন মহিলাবিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার প্রমুখ।
গাংনী (মেহেরপুর): উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।