রোহিঙ্গাদের মাঝে ভারতের দেওয়া শীতবস্ত্র বিতরণ শুরু

ইত্তেফাক রিপোর্ট

মিয়ানমার থেকে উত্খাত হয়ে কক্সবাজার জেলায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে ভারতের দেওয়া শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। গত সোমবার কক্সবাজারের উখিয়ার ১২নং জামতলী রোহিঙ্গা ক্যাম্পে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রথম দিন ২৫০ জন রোহিঙ্গাকে এ শীতবস্ত্র দেওয়া হয়। পর্যায়ক্রমে এ শীতবস্ত্র বিতরণ করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ভারতীয় হাই কমিশনের উদ্যোগে দেওয়া এ ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ২ লাখ ২৫ হাজার কম্বল, ২ লাখ সোয়েটার এবং ৫০০ সড়ক বাতি।

গতকাল ভারতীয় হাই কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অনুরোধে চতুর্থ পর্যায়ের এই ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। এই সহায়তা বাংলাদেশের প্রতি ভারতের চলমান অংশীদারিত্ব ও সহযোগিতার অংশ, বিশেষ করে মিয়ানমারের রাখাইন রাজ্যের বিপুল সংখ্যক বাস্তুহারা মানুষের ঢলে বাংলাদেশের ওপর যে চাপ এসেছে সেটি ভাগ করে নেওয়ার ক্ষেত্রে। 

এই চতুর্থ পর্যায়ের সহায়তা ২০১৭ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া একটি প্রক্রিয়ার অংশ, যখন ভারত সরকার ‘অপারেশন ইনসানিয়াতের’ অধীনে কক্সবাজার এলাকায় মানবিক সহায়তার প্রথম চালান সরবরাহ করেছিল। সাম্প্র্রতিক ত্রাণসামগ্রীগুলো বাস্তুচ্যুত মানুষদের শীতে সাহায্য করবে, আর সৌর সড়ক বাতিগুলো ক্যাম্পের জন্য পরিবেশবান্ধব আলোক ব্যবস্থা নিশ্চিত করবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দুই দেশের মধ্যে বন্ধুত্বের ঘনিষ্ঠ বন্ধন রক্ষার্থে বাংলাদেশের যে কোন সংকটে তাত্ক্ষণিকভাবে সাড়া দিতে ভারত অঙ্গীকারবদ্ধ। মিয়ানমার থেকে উত্খাত হওয়া মানুষের চাহিদা পূরণে বাংলাদেশকে সহায়তা প্রদান অব্যাহত রাখতে ভারত প্রস্তুত রয়েছে। এ সহায়তা হবে টেকসই, জনগণকেন্দ্রীক এবং আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য উপকারী।