নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠিত হয়েছে। বুধবার রাতে নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ঘোষিত কমিটিতে উপজেলা বিএনপির আহ্বায়ক পদে ওবায়দুল হক চেয়ারম্যান ও সদস্য সচিব পদে মাস্টার মোক্তার হোসেন ইকবাল এবং সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক পদে মাস্টার আবদুল হান্নান লিটন ও সদস্য সচিব পদে কামাল উদ্দিন বাবুলকে দিয়ে গঠন করা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির প্রতি কমিটিতে সদস্য সংখ্যা ৬০ জন করে রাখা হয়েছে। এর মধ্যে উপজেলা বিএনপির কমিটিতে সাবেক বিএনপি দলীয় এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ও তার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিপক্ষ কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মুহাম্মদ মফিজুর রহমানকে সদস্য পদে রাখা হয়েছে। এদিকে, দীর্ঘ সাত মাস পর উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা হওয়ায় দলীয় সব স্তরের নেতাকর্মীকে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান জানান, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।