বাংলাদেশ গেমস হবে সে কথা অনেক দিন ধরেই চলছিল। প্রস্তুতির নানা কাজও এগিয়ে যাচ্ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জানানো হয়েছে। এবার গেমসের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে কর্মকর্তারা ঝাঁপিয়ে পড়েছেন কাজে। আগামী ১-১০ এপ্রিল গেমস অনুষ্ঠিত হবে। গতকাল দুপুরে কুর্মিটোলায় গলফ কোর্সের অডিটোরিয়ামে নবম বাংলাদেশ গেমসের লোগো উন্মোচন অনুষ্ঠানে নানা দিক তুলে ধরা হয়। ৩১টি ডিসিপ্লিনের মধ্যে ৩৯৬টি ইভেন্ট হবে। যার মধ্যে ৩৯৬টি সোনার পদক থাকবে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ধরে নিচ্ছে ১০ হাজার ৬০০ ক্রীড়াবিদের পদচারণায় মুখরিত হবে ক্রীড়াঙ্গন। বাংলাদেশ ৩১ মার্চ টুঙ্গিপাড়া থেকে মশাল প্রজ্বালন করা হবে এবং ঐ দিনই ঢাকায় এসে পৌঁছাবে মশাল। পথে পথে থাকবে নানা আয়োজন। ১ এপ্রিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেমসের উদ্বোধন করবেন বলে জানায় বিওএ।
দেশের ক্রীড়াবিদদের আরো এগিয়ে নেওয়ার লড়াই বাংলাদেশ গেমস। এই গেমসে যারা ভালো করবে তাদেরকে কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসে যাওয়ার সুযোগ করে দেওয়ার কথা জানিয়েছেন বিওএর কর্মকর্তারা।
২০১৮ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় বাংলাদেশ যুব গেমস। সেই গেমস দেশের তৃণমূলে নাড়া দিয়েছিল। পরিবার হতে সন্তানদের গেমসে যাওয়ার বাঁধন খুলে দেওয়া হয়েছিল। কর্মকর্তারা মনে করছেন যুবসমাজকে ধরে রাখতেই এ ধরনের গেমসের আয়োজন। সেই যুব গেমসের অন্তত সাড়ে ১২০০ ক্রীড়াবিদ বাংলাদেশ গেমসে নাম লেখাবে।
বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘যুব গেমস আয়োজন করতে গিয়ে নানাভাবে বাধার সম্মুখীন হয়েছিলাম। কিন্তু আমি কখনো দমে যাইনি। একবার যদি শুরু করা যায় তাহলে যে কেউ সেই ধারাবাহিকতা ধরে রাখার কাজটি করতে পারবে। যুব গেমস হতে ক্রীড়াবিদ বেরিয়েছে। বাংলাদেশ গেমসে খেলবে। আরচ্যারিতে প্রায় সবাই যুব গেমসের মঞ্চে আসা।’
আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর শততম জন্মদিন। এই বছরটিকে মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে। এ কারণে নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস।
ক্রীড়াবিদদের প্রস্তুতি কতটুকু? বিওএর কর্মকর্তারা জানান, নেপালে এসএ গেমস হওয়ার পরই প্রস্তুতি নেওয়া হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ গেমস হবে। ফেব্রুয়ারি হতে অনুশীলন শুরু হলেও পুরো মার্চেই কঠোর অনুশীলন চলবে। ৩১টি খেলা বাছাইয়ের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে যেন কোনো খেলা হারিয়ে না যায়। বিওএর কর্মকর্তা বশির আল মামুন বলেন, ‘ফুটবল খেলাটা যেমন প্রত্যেক জেলায় হয়। কিছু খেলা রয়েছে সব জেলায় হয় না। আমরা সেই সব খেলাকে অগ্রাধিকার দিচ্ছি।’