বিপিএলে কুমিল্লা ভেন্যুতে মোহামেডানের শুরু কাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের ১২টি হোম ম্যাচ কুমিল্লা শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রথম খেলা হবে আগামীকাল শনিবার। এদিন মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস মুখোমুখি হবে।

এরপর মোহামেডানের খেলাগুলো হবে ৫ এপ্রিল বাংলাদেশ পুলিশ, ৮ এপ্রিল ব্রাদার্স ইউনিয়ন, ১১ এপ্রিল রহমতগঞ্জ, ৪ মে বাংলাদেশ মুক্তিযোদ্ধা, ১৯ মে আরামবাগ ক্রীড়া, ২২ মে সাইফ স্পোর্টিং, ১৪ জুন শেখ রাসেল, ২৫ জুন আবাহনী (ঢাকা), ৩ জুলাই উত্তরা বারিধারা, ২১ জুলাই চট্টগ্রাম আবাহনী এবং ২৭ জুলাই শেখ জামালের সঙ্গে।

সবকটি খেলাই শুরু হবে বিকাল সোয়া ৩টায়। টিকিট মূল্য ধরা হয়েছে পশ্চিম গ্যালারি ৩০ টাকা ও পূর্ব গ্যালারি ২০ টাকা। গত বুধবার বিকালে কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত এসব তথ্য জানান। তিনি বলেন, ‘এই প্রথম বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের (বিপিএল) খেলা কুমিল্লায় হতে যাচ্ছে। মোহামেডান ফুটবল দলকে স্বাগত জানাতে কুমিল্লাবাসী প্রস্তুত।’

কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আবুল ফজল মীর বলেন, ‘কুমিল্লা নগরীর কেন্দ্রস্থলে মনোরম পরিবেশে অবস্থিত শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। সবদিক বিবেচনা করেই এ স্টেডিয়ামকে মোহামেডান ফুটবল দল তাদের হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছে। উত্সবমুখর পরিবেশে খেলাগুলো সম্পন্ন করতে এবং দর্শক ও খেলোয়াড়দের নিরাপত্তায় আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি।’