বাতাস ভারী করা সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছেন তিনি। আজই অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার শেষ ম্যাচ। সিলেটে আজই শেষবারের মতো টস করতে নামবেন তিনি। কে জানে, আজই হয়তো পেয়ে যাবেন ওয়ানডে অধিনায়ক হিসেবে নিজের ৫০তম জয়!
কোনো সন্দেহ ছাড়াই বলা যায় যে, বাংলাদেশের ইতিহাসের সেরা অধিনায়ক তিনি। ৮৭টি ম্যাচ দলকে নেতৃত্ব দিয়ে জিতেছেন ৪৯টিতে। পরাজিত হয়েছেন ৩৬টিতে। এর অর্থ হলো, আজ জিতে গেলেই প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে ৫০টি জয় পাওয়ার অনন্য নজির গড়বেন তিনি।
এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছেন হাবিবুল বাশার সুমন ও সাকিব আল হাসান। সুমন ২৯টি ও সাকিব ২৩টি ওয়ানডে জিতেছেন বাংলাদেশের অধিনায়ক হিসেবে।
টি-টোয়েন্টিতেও বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। ২৮টি টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করে তিনি দলকে জিতিয়েছেন ১০টিতে। পরাজিত হয়েছেন ১৭টিতে। অন্যদিকে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান যথাক্রমে অধিনায়ক হিসেবে বাংলাদেশকে জিতিয়েছেন আটটি ও সাতটি করে টি-টোয়েন্টি ম্যাচ।
টেস্টে মাশরাফি সর্বশেষ খেলেছেন ২০০৯ সালে, ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে। সেটাই ছিল অধিনায়ক হিসেবে তার অভিষেক ম্যাচ। সেটাতে জিতে যায় বাংলাদেশ। সেই প্রথম ও শেষবারের মতো সাদা পোশাকে দলকে নেতৃত্ব দেন মাশরাফি। আর এখানেও তিনি শতভাগ সফল।
অধিনায়ক মাশরাফির
অধ্যায়
ফরম্যাট ম্যাচ জয় পরাজয় ফলাফলহীন
টেস্ট ১ ১ ০ ০
ওয়ানডে ৮৭ ৪৯ ৩৬ ২
টি-টোয়েন্টি ২৮ ১০ ১৭ ১
* এই পরিসংখ্যান গতকাল পর্যন্ত