সংসদীয় কমিটির সভাপতিদের গাড়ি, জ্বালানি ও চালক দেওয়ার সুপারিশ

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের গাড়ি, জ্বালানি ও চালক দেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এজন্য তাদের এনটাইটেলমেন্ট প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও সুপারিশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে জনপ্রশাসনের শুদ্ধাচার, নীতি ও চর্চা নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপসমূহ নিয়েও আলোচনা হয়েছে। জনমুখী জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে শুদ্ধাচারের ব্যাপক প্রসারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সার্বিক তামাক নিয়ন্ত্রণে তামাকের প্রকৃত মূল্য ও কর বৃদ্ধির বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এছাড়া বিসিএস (তথ্য) ক্যাডারের বাংলাদেশ বেতারে কর্মরত কর্মকর্তাদের পদোন্নতি জট নিরসনে শিগগিরই সুপারনিউমারি পদ সৃজন করে পদোন্নতি প্রদানের সুপারিশ করে সংসদীয় কমিটি।

কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আবুল হাসান মাহমুদ আলী, আ স ম ফিরোজ, হাফিজ আহমদ মজুমদার, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, দীপংকর তালুকদার, পনির উদ্দিন আহমেদ ও মোকাব্বির খান অংশ নেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছাড়া সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।