প্রধান বিচারপতির অনুমোদন নিয়েই জেলা জজকে সরানো হয়েছে :আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পিরোজপুরের জেলা ও দায়রা জজকে স্ট্যান্ড রিলিজের ক্ষেত্রে আদালত বা প্রধান বিচারপতির অনুমোদন নিয়েই সেটা করা হয়েছে। আইনি প্রক্রিয়াতেই এটা করা হয়েছে। সেটা প্রশ্ন নয়, কিন্তু এখানে আমিও বলি এটা দুঃখজনক যে এটা করতে হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আমরা কিন্তু খুব ভেবেচিন্তে এটা করতে বাধ্য হয়েছি। এখন এটাকে যেদিকে ধাবিত করার চেষ্টা হচ্ছে যে, বিচার বিভাগের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা হলো, সেটা সঠিক নয়। এর আগেও বার বা আইনজীবী সমিতি এবং বিচারক মুখোমুখি হওয়ার পরিস্থিতি হয়েছে, আমরা কিন্তু কখনো আইনজীবী সমিতিকে প্রশ্রয় দেইনি। তিনি বলেন, ঐ ব্যক্তি (আব্দুল মান্নান) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন জেলা ও দায়রা জজ হিসেবে। জামিন দেওয়ার     এখতিয়ার আদালতের, তা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু তিনি আইনজীবী সমিতির সাথে দুর্ব্যবহার করে সমিতি এবং জনগণকে উত্তেজিত করেছেন। সেই উত্তেজনাকর পরিস্থিতি যদি তিনি সৃষ্টি না করতেন, তাহলে আমরা ঐ পদক্ষেপ নিতে বাধ্য হতাম না।