বিশ্বে করোনা ভাইরাসের বিস্তার

ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা, মোদির বেলজিয়াম শি’র জাপান সফর স্থগিত

বিশ্ব জুড়ে নভেল করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে প্রায় ৩ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। শুধু চীনেই মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। বিশ্বে সংক্রমিত মানুষের সংখ্যা এখন ৯৫ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় করোনায় এক ব্যক্তির মৃত্যুর পর এ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেলজিয়াম সফর এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জাপান সফর স্থগিত করা হয়েছে। খবর: বিবিসি, সিএনএন ও আল-জাজিরার।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় করোনায় আক্রান্ত হয়ে সেক্রেমেন্তোর হাসপাতালে মারা যান ৭১ বছরের এক বৃদ্ধ। এ নিয়ে দেশটিতে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ৮ দশমিক ৩ বিলিয়ন ডলারের একটি বিল অনুমোদন করেছে। এদিকে করোনার বিস্তার রোধে ইতালির সব শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল থেকে অন্তত ১০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে ১০৭ জনে দাঁড়িয়েছে। ইরানেও মৃতের সংখ্যা ১০৭ জনে দাঁড়িয়েছে। সংক্রমিত রোগীর সংখ্যা সাড়ে ৩ হাজারের বেশি। আগামী ২০ মার্চ পর্যন্ত ইরানের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। জার্মানিতে এক দিনে ১০৯ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। গতকাল বসনিয়া-হার্জেগোভিনা, স্লোভেনিয়া এবং দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনায় আক্রান্ত রোগী ধরা পড়েছে।

করোনার কারণে জাপান সফর স্থগিত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। জাপান সরকারের এক শীর্ষ কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। একই কারণে বেলজিয়াম সফরে যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রাসেলসে         ইন্ডিয়া-ইউরোপিয়ান ইউনিয়ন সামিটে যোগ দেওয়ার কথা ছিল নরেন্দ্র মোদির। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেছেন, উভয়পক্ষের সম্মতিতে এই সম্মেলনের পরবর্তী সময় নির্ধারিত হবে। এরই মধ্যে মোদি করোনার কারণে চলতি বছর হলি উত্সবে যোগ দেবেন না বলে জানিয়েছেন। এদিকে দিল্লিতে সব প্রাথমিক বিদ্যালয় আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে আম আদমি পার্টির সরকার। জাতিসংঘ জানিয়েছে, করোনার কারণে বিশ্বে ২৯ কোটি শিক্ষার্থীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী মাস্ক রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের যৌথ সামরিক মহড়া বাতিল করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বিদেশি পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সংযুক্ত আরব আমিরাতে জুমার খুতবা ও নামাজ ১০ মিনিটের মধ্যে শেষ করতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ব্রিটেনের আঞ্চলিক এয়ারলাইন ফ্লাইবে বন্ধ হয়ে গেছে। এ জন্য করোনা ভাইরাস আংশিক দায়ী বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) জানিয়েছে, বিশ্ব জুড়ে এয়ারলাইন্সগুলো ৬৩ বিলিয়ন থেকে ১১৩ বিলিয়ন ডলার মুনাফা হারাতে পারে।