মুজিববর্ষকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বিএনপি ----------ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, মুবিজবর্ষকে কেন্দ্র করে বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।

গতকাল ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিক সম্মেলনে তিনি  আরো বলেন, বিএনপি জনসমর্থন হারিয়ে এবং নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ইস্যুনির্ভর রাজনীতি করছে। দেশে কোনো কিছু হলেই তারা সেটিকে পুঁজি করে আন্দোলনের মদত জোগায়। এছাড়া তাদের অন্যকোনো কাজ নেই। পিরোজপুরের জেলা ও দায়রা জজ বদলির ঘটনা নিয়ে বিএনপি এখন নতুন ইস্যু খুঁজছে।

সেতুমন্ত্রী বলেন, মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে বিদেশি অতিথিরা আসবেন। দেশের মানুষের মধ্যে এ বিষয়ে উত্সাহ রয়েছে। আমাদের এ বিষয়ে ব্যাপক প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনকে কেন্দ্র করে বিএনপি বিরোধিতার জন্য বিরোধিতা করছে। তারা বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ড। বিএনপি আজও জাতির পিতা বঙ্গবন্ধুকে মেনে নেয়নি। সাংবাদিকদের                  এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অপরাধী দলীয় কেউ হলেও আমরা বিব্রত হইনি, ব্যবস্থা নিয়েছি, ব্যবস্থা নেব। অপরাধীরা নজরদারিতে আছে। অপরাধীরা পার পাবে না। আমাদের নেত্রী শেখ হাসিনা এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বিচার বিভাগ স্বাধীন। বিচারক বদলির বিষয়টি সম্পূর্ণ বিচার বিভাগ ও আইন মন্ত্রণালয়ের বিষয়। আমরা আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি। পিরোজপুরে আদালতে আইন ও বিচার বিভাগের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হলেও তারাই সমাধান করবে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

চসিক নির্বাচনে বিদ্রোহীদের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে দল ও দলীয় শৃঙ্খলার স্বার্থে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার দুপুরে নগরের থিয়েটার ইনস্টিটিউটে রুদ্ধদ্বার এক বৈঠক শেষে চসিক নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।