গোপালগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই হাতের রগ কেটে ও কুপিয়ে গোলাম মাওলা রনি (২৮) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঘোষেরচর উত্তরপাড়া লেকপাড়ে এ ঘটনা ঘটে। রনি ঘোষেরচর উত্তরপাড়া কলাবাগান এলাকার মৃত আব্দুল মান্নান কাজীর (মুন্নু কাজী) ছেলে।
রনির পারিবারিক সূত্রে জানা গেছে, রনির সঙ্গে তার আপন খালাতো ভাই সাদেক খাঁ ও আলামিনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল রনিকে তার বাড়ি থেকে লেকপাড়ে ডেকে নিয়ে যায় সাদেক ও আলামিন। এরপর সেখানে তারা ও তাদের কয়েক জন সহযোগী মিলে রনিকে দুই হাতের রগ কেটে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে। পরে সংকটজনক অবস্থায় রনিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, রনির লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রনির বিরুদ্ধে মারপিট, চুরি ও মাদকদ্রব্যসহ ১০টি মামলা রয়েছে। এছাড়া প্রতিপক্ষের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তবে কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা বলা যাচ্ছে না। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।