পিরোজপুরে আওয়ামী লীগ নেতা এ কে এম এ আউয়ালকে জামিন না দেওয়ায় বিচারক প্রত্যাহারের ঘটনা বিচার বিভাগের ওপর মানুষের আস্থাহীনতাকে আরো দৃঢ় করেছে বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোট নেতারা। তারা বলেছেন, এমনিতেই বিচারব্যবস্থার ওপর জনগণের আস্থা নেই। এর মধ্যে এভাবে বিচারক বদলির ঘটনা বিচারব্যবস্থার ওপর সরকারের হস্তক্ষেপেরই নগ্ন প্রকাশ। অবিলম্বে বিচারক বদলির আদেশ প্রত্যাহার, সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার ও বিচার এবং বিচারক বদলির পক্ষে অবস্থান নেওয়ায় আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জোট নেতারা।
গতকাল বৃহস্পতিবার জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এই দাবি জানান তারা। সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বজলুর রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, বাসদ (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ সভায় বক্তব্য দেন।
এ ঘটনা রাষ্ট্রের প্রতি অনাস্থার শামিল: জেএসডি
এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার গতকাল এক যুক্ত বিবৃতিতে বলেছেন, ক্ষমতাসীন দলের নেতাকে জামিন না দেওয়ায় বিচারককে তাত্ক্ষণিক বদলি এবং পরে জামিন দেওয়ার ঘটনা রাষ্ট্রের প্রতি অনাস্থার শামিল। নির্বাহী বিভাগ রাষ্ট্রের অন্য সব প্রতিষ্ঠানকে আত্মসাত্ করার মাধ্যমে রাষ্ট্রকে অকার্যকর করার দিকে ঠেলে দিচ্ছে। বিবৃতিতে তারা বদলিকৃত জজকে পুনর্বহালের এবং এই ঘটনার দ্রুত তদন্তের দাবি জানান।