ভারতে বাজেট অধিবেশন থেকে কংগ্রেসের সাত এমপি বরখাস্ত

ভারতে পার্লামেন্টের অধিবেশনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে চলতি বাজেট অধিবেশন থেকে সাত কংগ্রেস এমপিকে বরখাস্ত করা হয়েছে। সোমবার থেকে শুরু হয়েছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। গত তিন দিন ধরে এই বিরোধী এমপিরা বিশৃঙ্খলা তৈরি করছিলেন বলে অভিযোগ। অধিবেশন চলবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত। খবর আনন্দবাজার পত্রিকার

সাময়িক বরখাস্ত করা হয়েছে—আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে তথা কালিয়াবরের এমপি গৌরব গগৈ, কেরালার ত্রিশূরের এমপি টিএন প্রথাপন, কেরালা যুব কংগ্রেসের সভাপতি তথা ইডুক্কির এমপি দেনা কুরিয়াকোসে, কর্ণাটকের বিরধনগরের এমপি মানিকাম টেগোর, কেরলের কাসারগড়ের এমপি রাজমোহন উন্নিথন এবং অমৃতসরের এমপি গুরমিত সিংহ আউজলাকে।

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের শুরুর দিন থেকে বিরোধীরা দাবি তোলেন দিল্লির সহিংসতার ঘটনা নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু স্পিকার ওম বিড়লা জানিয়ে দেন এখনই আলোচনা সম্ভব নয়। হোলির পর আলোচনা হতে পারে। কিন্তু তা মানতে রাজি ছিলেন না বিরোধীরা। অধিবেশন চলার সময়ই কংগ্রেস এমপিরা লাগাতার বিক্ষোভ দেখাতে থাকেন। ব্যাহত হয় বাজেট অধিবেশনের আলোচনা। এদিকে দিল্লি সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে পৌঁছেছে। ২ শতাধিক আহত এবং সহস্রাধিককে গ্রেফতার করা হয়েছে।