গাজীপুরের ভূরুলিয়া এলাকায় ক্যাম্পাসের পাশেই এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন তার এক বন্ধু। নিহত নাইম সরকার (১৯) গাজীপুর মহানগরীর পশ্চিম ভূরুলিয়া এলাকার লোকমান সরকারের ছেলে। তিনি স্থানীয় মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (মিস্ট) দ্বিতীয় বর্ষের ছাত্র। পূর্ববিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
জিএমপির সদর থানার ওসি মোহাম্মদ আলমগীর ভুঁইয়া বলেন, গতকাল বেলা ১১টার দিকে কলেজের পাশে বসে আড্ডা দিচ্ছিল বোর্ড বাজার এলাকার মুন্না ও তার এক বান্ধবী। এ সময় সেখানে স্থানীয় তিন যুবক গিয়ে তাদের বাধা দেয়। একপর্যায়ে তাদের মধ্যে বাগিবতণ্ডা হয়। পরে মুন্না তাকে সাহায্যের জন্য বন্ধু নাইমকে ডেকে আনে। নাইম ঘটনাস্থলে গেলে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে ঐ তিন যুবক। এ সময় গুরুতর আহত হন নাইম ও তার বন্ধু মুন্না। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক নাইমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক জনকে আটক করা হয়েছে।